ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের গজারিয়া গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০টি বসতঘর পুড়ে ছাই হয়েছে। এতে ঘরবাড়ি ও সহায়-সম্বল হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে ১৪টি পরিবার।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে গ্রামের একটি বসতঘর থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি দল ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা জানান, গজারিয়া গ্রামের ওই ১০টি ঘরে ১৪টি পরিবার বসবাস করত। সকালে আলফাজ মিয়ার ঘরের বৈদ্যুতিক মিটার থেকে শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে।
আগুনের ভয়াবহতা দেখে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে নেভানোর চেষ্টা করেন। তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় কোনো ঘরের মালামাল রক্ষা করা সম্ভব হয়নি। একে একে আগুনের লেলিহান শিখায় পুড়ে যায় ১০টি বসতঘর। ঘরগুলোর আসবাবপত্র, কাপড়চোপড়সহ প্রয়োজনীয় সবকিছুই পুড়ে ছাই হয়ে যায়।
এ ঘটনায় ১৪টি পরিবার একপ্রকার নিঃস্ব হয়ে পড়েছে। আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে নেমে এসেছে চরম দুর্ভোগ।
ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উপ-সহকারী পরিচালক মো. ফারুক আহমেদ বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি দল ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
তিনি আরও জানান, অগ্নিকাণ্ডে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা নিরূপণের কাজ চলছে।
