জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য মঙ্গলবার সদর ও সরাইল উপজেলায় গ্যাস থাকবে না
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের কারণে ব্রাহ্মণবাড়িয়ার সদর ও সরাইল উপজেলা এলাকায় ১৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
কর্তৃপক্ষের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া জেলার আওতাধীন সদর উপজেলা ও সরাইল উপজেলা এলাকায় সকল শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ সম্পূর্ণরূপে বন্ধ থাকবে।
জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের স্বার্থে সাময়িকভাবে এই গ্যাস শাটডাউন নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এর ফলে নির্ধারিত সময়ে আবাসিক, বাণিজ্যিকসহ সকল শ্রেণির গ্রাহক গ্যাস সরবরাহ থেকে বিচ্ছিন্ন থাকবেন।
এদিকে, নির্ধারিত সময়ের মধ্যে মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজ সম্পন্ন করার পর গ্যাস সরবরাহ স্বাভাবিক করার কথা রয়েছে। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
প্রতিবেদন: ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
