ব্রাহ্মণবাড়িয়া জেলা কাজী সমিতির কার্যকরী পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনকে ঘিরে প্রার্থী ও ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে ভাদুঘরের মাহাবুল হুদা পৌর আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটগ্রহণ চলবে বিকেল ৩টা পর্যন্ত। ভোটগ্রহণ শেষে ভোট গণনা করে ফলাফল ঘোষণা করা হবে।
এবারের নির্বাচনে গুরুত্বপূর্ণ দুটি পদে চার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন কাজী মোহাম্মদ ইয়াহিয়া মাসুদ ও কাজী মহিউদ্দিন মোল্লা।
সাধারণ সম্পাদক পদে লড়ছেন কাজী নূরুল আলম ও কাজী সিরাজুল ইসলাম খান।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে মোট ভোটার ১০৮ জন। সকাল থেকেই ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এরই ধারাবাহিকতায় সকাল ১১টার মধ্যেই প্রায় ৭৫ শতাংশ ভোট পড়েছে।
নির্বাচনকে ঘিরে প্রার্থী ও সমর্থকদের মধ্যে ব্যাপক আগ্রহ থাকলেও এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। শান্তিপূর্ণ পরিবেশেই ভোটগ্রহণ চলছে।
সভাপতি ও সাধারণ সম্পাদক—গুরুত্বপূর্ণ এই দুই পদে প্রতিদ্বন্দ্বিতা হাড্ডাহাড্ডি হওয়ায় শেষ পর্যন্ত কার মাথায় বিজয়ের মুকুট উঠছে, তা জানতে ভোট গণনা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।
