নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া
কারাগার শুধু শাস্তি ভোগের স্থান নয়; বন্দিদের সংশোধন, মানসিক সুস্থতা নিশ্চিত এবং পুনর্বাসনের মাধ্যমে সমাজে ফিরিয়ে দেওয়ারও একটি প্রতিষ্ঠান। এই ভাবনাকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে বন্দিদের জন্য নেওয়া হয়েছে ব্যতিক্রমী এক উদ্যোগ। কারাগারের অভ্যন্তরে বন্দিদের অংশগ্রহণে আয়োজন করা হয়েছে ফুটবল খেলার।
বৃহস্পতিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারা কর্তৃপক্ষের উদ্যোগে কারাগারের ভেতরের মাঠে অনুষ্ঠিত হয় এ ফুটবল ম্যাচ। খেলাটি উপভোগ করেন প্রধান অতিথি ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের জেল সুপার মো. মজিবুর রহমান মজুমদার। এ সময় উপস্থিত ছিলেন জেলার মো. হুমায়ুন কবির হাওলাদার ও ডেপুটি জেলার মো. জসিম উদ্দিন।
খেলা চলাকালে কারা কর্মকর্তারা বন্দিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সুশৃঙ্খল আচরণ পর্যবেক্ষণ করেন। বন্দিদের এমন ইতিবাচক অংশগ্রহণে সন্তোষ প্রকাশের পাশাপাশি তাদের উৎসাহিত করেন কর্মকর্তারা।
কারা সূত্রে জানা গেছে, বন্দিদের মানসিক সুস্থতা ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে কারাগারের অভ্যন্তরে কয়েকটি দল গঠন করা হয়েছে। এসব দলের মধ্যে নিয়মিত ফুটবলসহ বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হচ্ছে।
দীর্ঘদিনের বন্দিজীবনে সুস্থ বিনোদনের এমন সুযোগ পেয়ে বন্দিদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। খেলার সময় মাঠের চারপাশে থাকা বন্দিদের তালি, করতালি ও উল্লাসে পুরো কারাগার প্রাঙ্গণে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।
কারা কর্তৃপক্ষ মনে করছে, নিয়মিত খেলাধুলার সুযোগ বন্দিদের মানসিক চাপ, হতাশা ও একঘেয়েমি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি খেলাধুলার মাধ্যমে শৃঙ্খলাবোধ, পারস্পরিক সৌহার্দ্য ও ইতিবাচক মানসিকতা গড়ে উঠবে, যা বন্দিদের সংশোধন এবং পরবর্তীতে সমাজে স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার পথকে আরও সহজ করতে পারে।
খেলায় অংশগ্রহণকারী বন্দিদের উৎসাহিত করতে ভবিষ্যতে পুরস্কার বিতরণের পরিকল্পনাও রয়েছে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।
এ ধরনের ইতিবাচক আয়োজন অব্যাহত রাখার জন্য কারা কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন খেলায় অংশ নেওয়া বন্দিরা। তাদের ভাষ্য, কারাগারের ভেতরে খেলাধুলার মতো সুস্থ বিনোদনের সুযোগ মানসিকভাবে স্বস্তি পাওয়ার পাশাপাশি নিজেদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে সহায়ক হচ্ছে।
