ব্রাহ্মণবাড়িয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) ঘিরে বিদেশগামী প্রশিক্ষণার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় ও দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ উঠেছে। এসব অভিযোগের খোঁজ নিতে মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১১টার দিকে প্রতিষ্ঠানটিতে আকস্মিক পরিদর্শন করেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ।
পরিদর্শনকালে তিনি প্রশিক্ষণার্থীদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং প্রশিক্ষণের নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত অর্থ আদায়, হয়রানি ও বিভিন্ন অনিয়মের বিষয়ে তাঁদের কাছ থেকে তথ্য নেন।
এ সময় কয়েকজন প্রশিক্ষণার্থী তাঁদের ভোগান্তি ও বিভিন্ন অভিযোগের কথা তুলে ধরেন। তাঁর আকস্মিক উপস্থিতির খবর ছড়িয়ে পড়লে কেন্দ্র এলাকায় থাকা কয়েকজন কথিত দালাল দ্রুত সরে পড়েন বলে জানা গেছে।
সিরাজুল ইসলাম সিরাজ বলেন, দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়া টিটিসিকে ঘিরে দালালচক্রের দৌরাত্ম্য ও বিভিন্ন অনিয়মের অভিযোগ পাওয়া যাচ্ছে। বিশেষ করে মাত্র তিন দিনের প্রশিক্ষণের জন্য বিদেশগামী ব্যক্তিদের কাছ থেকে ১৫ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত নেওয়ার অভিযোগ রয়েছে।
তিনি বলেন, বিদেশে যাওয়ার স্বপ্ন নিয়ে সাধারণ মানুষ অনেক কষ্ট করে টাকা সংগ্রহ করেন। তাঁদের অসহায়ত্বকে পুঁজি করে প্রশিক্ষণের নামে অতিরিক্ত অর্থ আদায় কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তিনি আরও বলেন, সরকারি প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নিতে এসে কেউ যেন দালালচক্রের হয়রানি বা অনিয়মের শিকার না হন, তা নিশ্চিত করতে হবে। প্রশিক্ষণের নামে অতিরিক্ত অর্থ আদায়, দালালি কিংবা হয়রানির অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।
এ সময় বিদেশগামী প্রশিক্ষণার্থীদের উদ্দেশে নিজের মোবাইল নম্বর দিয়ে সিরাজুল ইসলাম বলেন, নির্ধারিত ফির বাইরে কেউ অতিরিক্ত টাকা দাবি করলে তাঁকে সরাসরি জানাতে। প্রয়োজনে জেলা পরিষদ কার্যালয়ে এসেও অভিযোগ জানানোর আহ্বান জানান তিনি।
পরিদর্শন শেষে তিনি বলেন, সাধারণ মানুষ যেন কোনোভাবেই দালালচক্রের কাছে জিম্মি না হন, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। পাশাপাশি টিটিসির প্রশিক্ষণ কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত এবং অনিয়মের অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে তদন্ত করা প্রয়োজন।
তবে প্রশিক্ষণের নামে ১৫ থেকে ২০ হাজার টাকা আদায়ের অভিযোগের বিষয়ে টিটিসি কর্তৃপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
সংশ্লিষ্টদের মতে, অভিযোগগুলোর সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি।
