ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলামকে বদলি করা হয়েছে। তাকে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইন্সের লাইনওআর শাখায় পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) হিসেবে পদায়ন করা হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার শাহ্ মোঃ আব্দুর রউফ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলির নির্দেশ দেওয়া হয়।
অফিস আদেশে বলা হয়েছে, সদর মডেল থানার ওসি মো. শহিদুল ইসলামকে বর্তমান দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে পুলিশ লাইন্সের লাইনওআর শাখায় পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) হিসেবে পদায়ন করা হয়েছে। একই সঙ্গে তাকে বর্তমান কর্মস্থলের দায়িত্ব যথাযথভাবে হস্তান্তর করে অবিলম্বে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।
নতুন ওসি মো. খাইরুল আলম
এদিকে, ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. খাইরুল আলমকে পদায়ন করা হয়েছে। তিনি এর আগে ব্রাহ্মণবাড়িয়া ডিএসবিতে কর্মরত ছিলেন।
অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
