
নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া:
ব্রাহ্মণবাড়িয়া জেলায় গত মার্চ মাসে আত্মহত্যার প্রবণতা ভয়াবহ আকার ধারণ করেছে। জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় উপস্থাপিত তথ্য অনুযায়ী, মাত্র ৩০ দিনের ব্যবধানে জেলায় মোট ১৯ জন আত্মহত্যা করেছেন। কোনো নির্দিষ্ট মাসে আত্মহত্যার এই উচ্চ হার স্থানীয় প্রশাসন ও সুশীল সমাজকে গভীরভাবে ভাবিয়ে তুলেছে।
গত রোববার জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এই পরিসংখ্যান তুলে ধরা হয়। সভায় জানানো হয়, মার্চ মাসে জেলায় বড় ধরনের কোনো ছিনতাই বা চাঁদাবাজির ঘটনা না ঘটলেও আত্মহত্যার এই সংখ্যাটি জননিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতার ক্ষেত্রে একটি নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
সভার কার্যবিবরণী থেকে জানা যায়, মার্চ মাসে জেলায় ১৯টি আত্মহত্যার পাশাপাশি ১৫টি চুরির ঘটনা এবং ১টি ডাকাতির ঘটনা রেকর্ড করা হয়েছে। চুরি-ডাকাতির মতো অপরাধের চেয়েও আত্মহত্যার সংখ্যা বেশি হওয়ায় সভায় উপস্থিত সদস্যরা গভীর উদ্বেগ প্রকাশ করেন।
জেলা প্রশাসক মো. আবু সাঈদ সভায় সভাপতিত্বকালে বলেন, সামাজিক ও মানসিক অস্থিরতা এই আত্মহত্যার পেছনে মূল কারণ হতে পারে। তিনি মাদক নির্মূলের ওপর জোর দিয়ে বলেন, “মাদকের ভয়াবহতা সমাজকে কুরে কুরে খাচ্ছে।” মাদক ব্যবসায়ীদের চিহ্নিত করে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার জন্য পুলিশ প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।