ব্রাহ্মণবাড়িয়াবাসীর দীর্ঘদিনের গ্যাস সংকট ও জনভোগান্তি নিরসনে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) সঙ্গে আলোচনা করেছেন জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ।
সোমবার (১২ অক্টোবর) দুপুর ১২টায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সাক্ষাৎ করে শহরের বিভিন্ন এলাকায় গ্যাসের স্বল্পচাপ ও সরবরাহ সমস্যার দ্রুত সমাধান নিয়ে আলোচনা করেন তিনি।
দীর্ঘদিন ধরে গ্যাস সংকটে ভুগছেন শহরের বিভিন্ন এলাকার বাসিন্দারা। প্রয়োজনীয় সময়ে গ্যাস না পাওয়া ও চাপ কম থাকায় রান্নাবান্নাসহ দৈনন্দিন কাজে ভোগান্তিতে পড়তে হচ্ছে তাঁদের। বিকল্প হিসেবে এলপিজি ব্যবহার করতে গিয়ে বাড়তি খরচও বহন করতে হচ্ছে।
আলোচনায় ভাদুঘর, কাউতুলি, কলেজপাড়া ও শিমরাইলকান্দিসহ আশপাশের এলাকায় গ্যাস সরবরাহের সমস্যা দ্রুত সমাধানে উদ্যোগ নেওয়ার কথা জানানো হয়। পাশাপাশি কাউতুলি এলাকায় প্রায় ২০ ফুট গভীরে পাইপ স্থাপনের মাধ্যমে গ্যাসের স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করার উদ্যোগের কথাও জানানো হয়েছে।
গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে—এমন প্রত্যাশা করছেন স্থানীয় বাসিন্দারা।
