দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়া ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বুধল ইউনিয়নের চান্দিয়ারা গ্রামের প্রধান সড়ক পুনর্নির্মাণের জন্য প্রায় ১ কোটি ২৭ লাখ টাকা বরাদ্দ অনুমোদন হয়েছে। সড়কটির সংস্কারের জন্য কয়েক মাস আগে স্থানীয় সংসদ সদস্যের কাছে আবেদন করেছিলেন এলাকাবাসীর পক্ষে স্থানীয় বিএনপি নেতা আলামিন মিয়া।
আবেদনে উল্লেখ করা হয়, চান্দিয়ারা গ্রামের ‘Chandiara R & H Road’ নামে পরিচিত সড়কটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতাভুক্ত। সড়কটির আইডি নম্বর ৪১২১৩৪১০৩১। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় সড়কটিতে অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। এতে প্রতিদিন চলাচলকারী সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে এবং দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে।
এ অবস্থায় জনসাধারণের দুর্ভোগ লাঘব ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সড়কটি জরুরি ভিত্তিতে কার্পেটিংয়ের মাধ্যমে সংস্কারের আবেদন জানানো হয় ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের কাছে।
পরবর্তীতে সড়কটির পুনর্নির্মাণের জন্য প্রায় ১ কোটি ২৭ লাখ টাকা বরাদ্দ অনুমোদন হয়েছে। সংশ্লিষ্ট উদ্যোগ বাস্তবায়িত হলে দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি পাওয়ার আশা করছেন চান্দিয়ারা গ্রামের বাসিন্দারা।
তবে বরাদ্দ অনুমোদনের পাশাপাশি নির্মাণকাজের গুণগত মান নিশ্চিত করা এবং সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিয়ে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা। তাঁদের প্রত্যাশা, সড়কটি টেকসইভাবে নির্মাণ করা হলে দীর্ঘদিনের যাতায়াতের ভোগান্তি কমবে এবং এলাকার যোগাযোগব্যবস্থার উন্নয়ন ঘটবে।
