
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়নের কুঁড়িঘর গ্রামে পহেলা বৈশাখ উপলক্ষে ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল (১৪ এপ্রিল) কুঁড়িঘর স্কুল মাঠে স্থানীয় গ্রামবাসীর উদ্যোগে এই বর্ণিল উৎসবের আয়োজন করা হয়।
পহেলা বৈশাখের আনন্দকে দ্বিগুণ করতে ঢাক-ঢোলের তালে তালে লাঠিয়ালরা তাদের নিপুণ কসরত প্রদর্শন করেন। গ্রামবাংলার বিলুপ্তপ্রায় এই ঐতিহ্য দেখতে কুঁড়িঘর ও পার্শ্ববর্তী গ্রামের শত শত উৎসুক জনতা স্কুল মাঠে ভিড় জমান। দর্শকদের করতালিতে পুরো এলাকা উৎসবের নগরীতে পরিণত হয়। আয়োজকরা জানান, নতুন প্রজন্মকে শিকড়ের সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দিতেই প্রতি বছর এমন আয়োজন করা হয়।