নাসিরনগর প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মাদকবিরোধী অভিযানে এক কবিরাজসহ ৯ জনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীনা নাছরিনের নেতৃত্বে পরিচালিত অভিযানে নাসিরনগর থানা-পুলিশ সহযোগিতা করে।
দণ্ডপ্রাপ্তরা হলেন—ভলাকুট ইউনিয়নের বাবুল মিয়া, লালু মিয়া, পায়েল মিয়া ও জালাল মিয়া; চাতলপাড় ইউনিয়নের ফকিরদিয়া গ্রামের ইমরান মিয়া; হরিপুর ইউনিয়নের কবিরাজ জাহের মিয়া এবং চাপরতলা ইউনিয়নের শফিক মিয়া ও আঙ্গুর মিয়া।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানের সময় মাদক সেবন ও বহনের অভিযোগে ৯ জনকে হাতেনাতে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন ধারায় আইনগত প্রক্রিয়া শেষে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুল ইসলাম বলেন, মাদক সেবন ও মাদকের বিস্তার রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, আদালতের সাজা দেওয়ার পর দণ্ডপ্রাপ্তদের থানা হেফাজতে নেওয়া হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের জেলা কারাগারে পাঠানো হবে।
