ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় মোটরসাইকেলে করে গাঁজা বহনের সময় নারীসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, সোমবার (২৭ এপ্রিল ২০২৬) দুপুর ১২টা ৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানে পৌরসভার শিমরাইলকান্দি ব্রিজের পশ্চিম পাশে সিএনজি স্ট্যান্ড এলাকা থেকে একটি মোটরসাইকেল আটক করা হয়।
পরে মোটরসাইকেলের দুই আরোহীকে তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং তাদেরকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত গাঁজা বিধি মোতাবেক জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন— বিজয়নগর উপজেলার মেরাশানী এলাকার মো. আকরাম মিয়া (২১) এবং নাছিমা বেগম (৪০)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, আকরাম মিয়ার বিরুদ্ধে আগে একটি এবং নাছিমা বেগমের বিরুদ্ধে দুটি মাদক মামলা রয়েছে।
এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
