জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া:
মাদক ও অপরাধ দমনে ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের ধারাবাহিক অভিযানে একদিনেই গ্রেপ্তার হয়েছেন ৪৭ জন। জেলার নয়টি থানায় একযোগে পরিচালিত মাদকবিরোধী ও অপরাধবিরোধী অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের মিডিয়া উইং থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় পরিচালিত অভিযানে পরোয়ানামূলে ২৬ জন, নিয়মিত মামলায় ১৭ জন এবং অন্যান্য অপরাধে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। সব মিলিয়ে গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছে ৪৭ জনে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।
পুলিশের দাবি, মাদকসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণ এবং জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অপরাধীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার পাশাপাশি মাদকবিরোধী অভিযানেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার শাহ্ মো. আব্দুর রউফ বলেন, “মাদকবিরোধী ও বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে জেলা পুলিশের অভিযান অব্যাহত আছে। গ্রেপ্তার সবাইকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।”
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক ও অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
