মোছাব্বির হাসান সজীব, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার রাধিকা বাজার এলাকায় অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজা ও একটি মোবাইল ফোনসহ মোরাশেদা (৩৫) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া সদর থানাধীন রাধিকা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাধিকা বাজারে জুয়েল ইলেকট্রনিকসের ওয়ালটন শোরুমের সামনে কসবা থেকে ব্রাহ্মণবাড়িয়াগামী মহাসড়কের পশ্চিম পাশে অভিযান চালানো হয়। এ সময় মোরাশেদাকে সন্দেহজনক অবস্থায় আটক করে তল্লাশি চালানো হয়। পরে তার কাছ থেকে ৫ কেজি গাঁজা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গ্রেপ্তার মোরাশেদা ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুর কোনাপাড়া গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি কসবা পৌরসভার ফুলতুলি তেতুইয়া মাঠের পশ্চিমে কুতুব মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ ওবায়দুল কবির বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা করেছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার উপপরিচালক সাজেদুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মাদকের বিরুদ্ধে অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। মাদক কারবারের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি মাদকের অবৈধ সরবরাহ ও পরিবহন বন্ধে অভিযান আরও জোরদার করা হবে।
