ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
আসন্ন ১০ নম্বর রামরাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন কাজী মো. মিজানুর রহমান। ইউনিয়নবাসীর সমর্থন ও সহযোগিতা নিয়ে একটি নিরাপদ, পরিচ্ছন্ন, আধুনিক ও উন্নত রামরাইল গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
নির্বাচনী প্রচারণায় কাজী মো. মিজানুর রহমানের পক্ষ থেকে ইউনিয়নের সব শ্রেণি-পেশার মানুষের জন্য সমান নাগরিক সেবা নিশ্চিত করার অঙ্গীকার তুলে ধরা হয়েছে। পাশাপাশি দুর্নীতি, স্বজনপ্রীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া এবং সাধারণ মানুষের নাগরিক সুবিধা নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে।
ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়নে রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবাকে অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছেন তিনি। একই সঙ্গে তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, খেলাধুলার পরিবেশ উন্নয়ন এবং যুবসমাজকে বিভিন্ন ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।
তাঁর নির্বাচনী অঙ্গীকারে কৃষক, শ্রমিক, নারী, প্রবীণ ও অসহায় মানুষের পাশে থাকার বিষয়টিও গুরুত্ব পেয়েছে। সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা ও সেবা যাতে সহজে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া যায়, সে বিষয়েও গুরুত্ব দেওয়ার কথা জানানো হয়েছে।
কাজী মো. মিজানুর রহমানের প্রচারণায় বলা হচ্ছে, একটি ইউনিয়নের উন্নয়ন শুধু রাস্তা, সেতু বা অবকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয়। স্বচ্ছতা, জবাবদিহি, কার্যকর নাগরিক সেবা এবং সব শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণের মাধ্যমেই টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব। এ লক্ষ্যেই ইউনিয়নবাসীকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় জানিয়েছেন তিনি।
নির্বাচনকে সামনে রেখে ১০ নম্বর রামরাইল ইউনিয়নের বিভিন্ন এলাকায় তাঁর প্রচারণা ও জনসংযোগ কার্যক্রম অব্যাহত রয়েছে। এ সময় তিনি ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন।
