বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার রূপসদী দক্ষিণ আনন্দপাড়ায় মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাদকবিরোধী প্রচারণা চালিয়েছে স্থানীয় আনন্দপাড়া যুব সমাজ। এ সময় মাদকবিরোধী বিভিন্ন স্লোগান সম্বলিত ব্যানার প্রদর্শনের পাশাপাশি মাদকের ভয়াবহতা সম্পর্কে স্থানীয়দের সচেতন করা হয়।
প্রচারণায় “মাদক নয়, জীবন চাই” স্লোগানকে সামনে রেখে বক্তারা বলেন, মাদক একটি ব্যক্তি, পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলা জরুরি।
স্থানীয়দের অভিযোগ, রূপসদী দক্ষিণ আনন্দপাড়ায় দীর্ঘদিন ধরে একটি চক্র মাদক কেনাবেচার সঙ্গে জড়িত রয়েছে। তাদের দাবি, প্রতিদিন সন্ধ্যার পর বিভিন্ন এলাকা থেকে লোকজন এসে ওই এলাকায় মাদক কেনাবেচা ও সেবনে জড়িয়ে পড়ে। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়েছে।
সচেতনতামূলক কার্যক্রমে নুরুল ইসলাম সরকার মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, শুধু আইন প্রয়োগের মাধ্যমে নয়, পরিবার ও সমাজের সম্মিলিত উদ্যোগের মাধ্যমেও মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
এ সময় আব্দুর রহিম সালাফী, আমির হোসেন মাঝি, আবুল হোসেন মাঝি, বাতেন মিয়া ও সাক্কু মাঝিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বাসিন্দারা উপস্থিত ছিলেন।
স্থানীয় বাসিন্দারা জানান, সন্ধ্যার পর এলাকায় কথিত মাদক কারবারি ও মাদকসেবীদের আনাগোনা বেড়ে যায়। এতে সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি অনেকেই নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে তারা দাবি করেন।
এ বিষয়ে স্থানীয়রা বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ও উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। তারা এলাকায় নিয়মিত নজরদারি বৃদ্ধি, প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং মাদকবিরোধী অভিযান পরিচালনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন।
স্থানীয়দের প্রত্যাশা, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর পদক্ষেপের পাশাপাশি সামাজিকভাবে সচেতনতা বৃদ্ধি করা হলে রূপসদী দক্ষিণ আনন্দপাড়াকে মাদকমুক্ত ও নিরাপদ এলাকা হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।
