ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে টিকিট কালোবাজারি বন্ধ, রেলওয়ে কলোনিতে অবৈধ বসবাসকারীদের উচ্ছেদ এবং ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার আহ্বায়ক শেখ আরিফ বিল্লাহ আজিজীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৩টায় ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
এ সময় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে রেলস্টেশনে টিকিট কালোবাজারির অভিযোগ থাকলেও কার্যকরভাবে তা বন্ধ করা হচ্ছে না। এর ফলে সাধারণ যাত্রীদের ভোগান্তি বাড়ছে এবং প্রকৃত যাত্রীরা অনেক সময় টিকিট সংগ্রহে সমস্যায় পড়ছেন।
মানববন্ধন থেকে রেলওয়ে কলোনিতে অবৈধভাবে বসবাসকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং রেলওয়ের সম্পত্তি অবৈধ দখলমুক্ত করারও দাবি জানানো হয়।
একই সঙ্গে ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার আহ্বায়ক শেখ আরিফ বিল্লাহ আজিজীর ওপর অতর্কিত হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বক্তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।
বক্তারা বলেন, রেলওয়ে স্টেশনে শৃঙ্খলা ও সাধারণ যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও রেলওয়ে কর্তৃপক্ষকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে। টিকিট কালোবাজারি চক্রের বিরুদ্ধে নিয়মিত অভিযান এবং রেলওয়ের জায়গা অবৈধ দখলমুক্ত করতে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।
সমাবেশে বক্তব্য রাখেন ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার উপদেষ্টা আতিকুর রহমান (আপেল), সদস্য সচিব মোহাম্মদ সাবের হোসাইন, আহমদুল্লাহ খান জুবায়ের, সাঈদ আব্দুল্লাহ হিমু, তারিফ হাসান, আল-আমিন, শামীম আহমেদ ও দেলোয়ার হোসাইনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশ থেকে উত্থাপিত দাবিগুলো দ্রুত বাস্তবায়নে সংশ্লিষ্ট রেলওয়ে কর্তৃপক্ষ ও প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়।
