ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কুট্টাপাড়া এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মো. জিহাদ নামে এক কিশোর নিহত হয়েছেন। শুক্রবার (১০ জুলাই) রাত প্রায় ১০টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের ব্র্যাক অফিসের পূর্বপাশে পুলের টুক সংযোগস্থল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জিহাদ সরাইল সদর ইউনিয়নের পূর্ব কুট্টাপাড়া গ্রামের আজগর আলীর ছেলে। তিনি স্থানীয় একটি গ্যারেজে মোটর মেকানিক হিসেবে কাজ করতেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বিকেলে বাবার কাছে মাছ পৌঁছে দিয়ে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলার পর মাগরিবের পরে বাবাকে আনতে বাড়ি থেকে বের হন জিহাদ। পথে আগে থেকে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তার ওপর হামলা চালায়। পরে পরিবারের সদস্যরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থলে তার ব্যবহৃত মোবাইল ফোন পাওয়া যায়নি।
পরিবারের দাবি, মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে অথবা পূর্বপরিকল্পিতভাবে জিহাদকে হত্যা করা হয়েছে। তবে এটি ছিনতাই নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড—তদন্ত শেষ হওয়ার আগে নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয় বলে জানিয়েছে পুলিশ।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়া জানান, ঘটনাস্থল পরিদর্শন করে সিসিটিভি ফুটেজ সংগ্রহ এবং বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
