ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার গ্রামেগঞ্জে পাড়া-মহল্লায় স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানাকে ঘিরে ব্যাপক আলোচনা ও সমর্থনের গণজোয়ার লক্ষ্য করা যাচ্ছে। এলাকাজুড়ে তার পক্ষে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও আগ্রহ চোখে পড়ার মতো।স্থানীয় সমর্থকদের দাবি, প্রতিপক্ষ যদি নির্বাচনে ভোট কারচুপি বা অনিয়ম করতে না পারে, তাহলে নিশ্চিতভাবেই রুমিন ফারহানার বিজয় অবশ্যম্ভাবী।এরই ধারাবাহিকতায় আজ রবিবার সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চাঁনপুর গ্রামে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার উদ্যোগে একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।উঠান বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন,“আমি আশা করবো প্রশাসন, পুলিশ কমিশন ও সরকার সম্পূর্ণ নিরপেক্ষ ভূমিকা পালন করবে। অন্যথায় ৫ আগস্টের মতো ঘটনা যেকোনো নির্বাচনী এলাকাতেই ঘটতে পারে।”তিনি আরও বলেন, জনগণের ভোটাধিকার রক্ষা করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের দায়িত্বশীল ও পেশাদার ভূমিকা অত্যন্ত জরুরি।উঠান বৈঠককে কেন্দ্র করে চাঁনপুর গ্রামে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। উপস্থিত সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ, উদ্দীপনা ও নির্বাচনী আলোচনা লক্ষ্য করা যায়। অনেকেই আশা প্রকাশ করেন, এবারের নির্বাচনে ভোটাধিকার বাস্তবায়নের মধ্য দিয়ে গণতন্ত্রের বিজয় নিশ্চিত হবে।
