ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মোবাইল কোর্ট পরিচালনা করে ১১টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও প্রায় ৪০০ মিটার অবৈধ গ্যাস নেটওয়ার্ক নিষ্ক্রিয় করা হয়েছে। এ ঘটনায় ৯ জনকে মোট ১ লাখ ১১ হাজার টাকা জরিমানা করা হয়।
সোমবার (২১ সেপ্টেম্বর) সরাইল উপজেলার পূর্ব বড্ডাপাড়া, ২ নম্বর ওয়ার্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্রাহ্মণবাড়িয়া এরিয়া বিতরণ কার্যালয়ের আওতাধীন এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈকত ভট্টাচার্যের নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।
অভিযানে ১১টি অবৈধ গ্যাস সংযোগের রাইজার উচ্ছেদ ও নিষ্ক্রিয় করা হয়। এ সময় ৭টি রেগুলেটর উদ্ধার করা হয়। এছাড়া ব্যবহারকারীরা নিজ উদ্যোগে আরও কয়েকটি রেগুলেটর খুলে নেন।
অভিযানকালে অবৈধভাবে স্থাপন করা ১ ইঞ্চি ব্যাসের ১৪০ মিটার এবং ৩/৪ ইঞ্চি ব্যাসের ৩০ মিটার পাইপলাইন অপসারণ করা হয়। পাশাপাশি প্রায় ৪০০ মিটার অবৈধ গ্যাস নেটওয়ার্ক নিষ্ক্রিয় করা হয়েছে।
অবৈধ গ্যাস সংযোগ গ্রহণের দায়ে ৯ জনকে মোট ১ লাখ ১১ হাজার টাকা জরিমানা করা হয়।
কর্তৃপক্ষ জানিয়েছে, অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
