
সরাইলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে যৌথ অভিযান
চারজনের কারাদণ্ড, বেকু জব্দ ও আস্তানা ধ্বংস
(সরাইল প্রতিনিধি)
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় অবৈধভাবে কৃষিজমির মাটি কাটা ও বিক্রির বিরুদ্ধে কঠোর যৌথ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। উপজেলার তেলিকান্দি ও জয়ধরকান্দি মৌজায় বেকু (এক্সকাভেটর) মেশিন ব্যবহার করে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে চারজনকে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
অদ্য ২২ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দে পরিচালিত এ অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৪ ও ৫ ধারা লঙ্ঘনের দায়ে মোবাইল কোর্ট বসিয়ে এ দণ্ডাদেশ প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আবুবকর সরকার।
দণ্ডপ্রাপ্তরা হলেন— মোঃ লাদেন (২২) ও আক্তার হোসেন (৩৭), প্রত্যেককে ১ (এক) বছর করে বিনাশ্রম কারাদণ্ড এবং ফয়সাল (১৯) ও আব্দুল রশিদ (৩৬), প্রত্যেককে ৬ (ছয়) মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
অভিযান চলাকালে অভিযুক্তরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বাংলাদেশ পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা দ্রুত পদক্ষেপ নিয়ে ঘটনাস্থল থেকেই তাদের হাতেনাতে আটক করতে সক্ষম হন। এ সময় অবৈধ কাজে ব্যবহৃত একটি বেকু (এক্সকাভেটর) মেশিন জব্দ করা হয়।
এছাড়াও অবৈধ মাটি কাটার কাজে ব্যবহৃত তাদের অস্থায়ী আস্তানা ঘটনাস্থলেই ভেঙে ফেলা হয় এবং আগুন দিয়ে তা সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়, যাতে ভবিষ্যতে ওই এলাকায় পুনরায় কোনো অবৈধ কার্যক্রম পরিচালনা করা না যায়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, কৃষিজমি রক্ষা, পরিবেশের ভারসাম্য বজায় রাখা এবং অবৈধ মাটি কাটা বন্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। জনস্বার্থে ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।