ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এতে এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।
শনিবার রাতের দিকে উপজেলার সাগরদীঘির পশ্চিম পাড় ও পূর্ব পাড়ের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, খেলাধুলা নিয়ে সামান্য কথা কাটাকাটি থেকে বিরোধের সূত্রপাত হয়। পরে তা দ্রুত সংঘর্ষে রূপ নেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষ চলাকালে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে টর্চ লাইট জ্বালিয়ে রাতের আঁধারে একে অপরের ওপর হামলা চালায়। এতে কয়েকজন আহত হন। তবে আহতদের সঠিক সংখ্যা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা চেষ্টা চালাচ্ছেন। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি। তবে পরিস্থিতি স্বাভাবিক রাখতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
