মোহাম্মদ মাসুদ, সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ভুয়া পুলিশ পরিচয় দেওয়ার অভিযোগে এক যুবক এবং তিন কেজি গাঁজাসহ এক নারী ও এক যুবককে আটক করেছে সরাইল থানা পুলিশ।
শুক্রবার (৭ আগস্ট) সরাইল থানা পুলিশের বিশেষ অভিযানে পৃথকভাবে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, ভুয়া পুলিশ পরিচয় দেওয়ার অভিযোগে আটক যুবকের নাম মো. আশরাফুল ইসলাম (২০)। তিনি নরসিংদীর বেলাবো উপজেলার রাজারবাগ গ্রামের নুরুল হক মিয়ার ছেলে।
অন্যদিকে, তিন কেজি গাঁজাসহ আটক দুজন হলেন ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার মেরাশানী গ্রামের মৃত হান্দু খার মেয়ে জান্নাত বেগম (১৮) এবং আখাউড়া উপজেলার আজমপুর গ্রামের কালাম মিয়ার ছেলে সোহাগ (২৭)।
পুলিশের দাবি, জান্নাত ও সোহাগ কুট্টাপাড়া মোড় থেকে গাঁজা নিয়ে ঢাকার উদ্দেশে যাওয়ার চেষ্টা করছিলেন। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে পুলিশ তল্লাশি চালায়। এ সময় তাদের কাছ থেকে তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়।
অন্যদিকে, কুট্টাপাড়া মোড় এলাকায় আশরাফুল ইসলাম নিজেকে পুলিশ পরিচয় দিয়ে স্থানীয়দের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন বলে পুলিশ জানায়। একপর্যায়ে স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনজুরুল কাদের ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক তিনজনের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
