নিজস্ব প্রতিবেদক:
দশ দফা দাবি আদায়ের লক্ষ্যে ‘বিপ্লবী কমিউনিটি’ ও ‘সাইবার কমিউনিটি’র পক্ষ থেকে ‘রেমিট্যান্স শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সংগঠনগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে, দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত থাকবে।
ঘোষিত ১০ দফা দাবির মধ্যে রয়েছে নাগরিকের মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা, শহীদ ওসমান হাদী হত্যার বিচার দ্রুত সম্পন্ন করা, বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি বন্ধ এবং দ্রুত ও সুষ্ঠু ইমিগ্রেশন সেবা নিশ্চিত করা।
এ ছাড়া পাসপোর্ট, ভিসা ও এনআইডিসহ সরকারি সেবা সহজীকরণ, বিদেশে বিপদগ্রস্ত প্রবাসীদের আইনি সহায়তা, প্রবাসী ও তাঁদের পরিবারের জন্য বিশেষ স্বাস্থ্যসেবা, সহজ শর্তে ঋণ ও বিনিয়োগের সুযোগ বাড়ানো এবং বিদেশে মৃত্যুবরণকারী প্রবাসীদের মরদেহ দ্রুত দেশে আনার দাবি জানানো হয়েছে।
দাবিগুলোর মধ্যে আরও রয়েছে ২৪ ঘণ্টার কার্যকর প্রবাসী হেল্পলাইন চালু করে অভিযোগ দ্রুত নিষ্পত্তি এবং বিমানবন্দরসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে অনিয়ম ও অব্যবস্থাপনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া।
সংগঠনগুলোর পক্ষ থেকে বলা হয়েছে, ‘আশ্বাসে বিশ্বাসী নয়, বাস্তবায়ন দেখেই কর্মসূচি বন্ধ করা হবে।’ দাবি পূরণ না হওয়া পর্যন্ত ‘রেমিট্যান্স শাটডাউন’ কর্মসূচি বহাল রাখার কথাও জানানো হয়েছে।
