জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া:
দীর্ঘ প্রায় দেড় দশক পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ব্রাহ্মণবাড়িয়া ইউনিটের কার্যনির্বাহী কমিটির (২০২৬-২০২৮) নির্বাচন। আগামী ৫ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচনকে ঘিরে ইউনিটের সদস্য ও ভোটারদের মধ্যে আগ্রহ দেখা দিয়েছে।
এবার ইউনিটের ৭টি পদের বিপরীতে মোট ৪৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে ভাইস চেয়ারম্যান পদে ৪ জন, সেক্রেটারি পদে ৭ জন এবং পাঁচটি কার্যনির্বাহী সদস্য পদে ৩৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
রেড ক্রিসেন্ট ইউনিটের সাবেক ভাইস চেয়ারম্যান এ বি এম তৈমুর জানান, ২০১২ সালে সর্বশেষ ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। ২০১৪ সালে ওই কমিটির মেয়াদ শেষ হওয়ার পর দীর্ঘদিন ইউনিটটি আহ্বায়ক কমিটির মাধ্যমে পরিচালিত হয়ে আসছিল। দীর্ঘ সময় পর নির্বাচনের সুযোগ তৈরি হওয়ায় সদস্যদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে বলে জানান তিনি।
পদভিত্তিক প্রার্থী
ভাইস চেয়ারম্যান—১ পদ:
এ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪ জন। তারা হলেন—বর্তমান ভাইস চেয়ারম্যান ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আসাদুজ্জামান শাহীন, জেলা বিএনপির সহসভাপতি এ বি এম মোমিনুল হক, মো. আমীর হোসেন ও ফরিদ উদ্দিন আহমেদ।
সেক্রেটারি—১ পদ:
এ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৭ জন। তারা হলেন—বর্তমান সেক্রেটারি ও জেলা বিএনপির কোষাধ্যক্ষ মো. মিজানুর রহমান, কামরুল ইসলাম, শেখ মাহবুবুর রহমান, মো. লুৎফুল হাই ভূঞা, মো. হারুন অর রশিদ, মো. মোস্তাফিজুর রহমান ও মো. শাহ ওয়াসিম।
কার্যনির্বাহী সদস্য—৫ পদ:
পাঁচটি সদস্য পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩৭ জন প্রার্থী।
৫ সেপ্টেম্বর ভোটগ্রহণ
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ৩০ আগস্ট আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি শেষে ৩১ আগস্ট খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। ১ সেপ্টেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। এরপর বিকেলে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের কথা রয়েছে।
আগামী ৫ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এবারের নির্বাচনে মোট ভোটার ১০ হাজার ৬৪৫ জন। এর মধ্যে আজীবন সদস্য ৯ হাজার ৪৬৬ জন এবং বার্ষিক সদস্য ১ হাজার ১৭৯ জন।
প্রধান নির্বাচন কমিশনার ও জেলা বিএনপির সহসভাপতি মো. শফিকুল ইসলাম বলেন, দীর্ঘদিন পর নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় সদস্যদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। একটি অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। নির্বাচনী পরিবেশ শান্ত রাখতে সব প্রার্থীকে আচরণবিধি মেনে চলার আহ্বান জানান তিনি।
