ভ্রাম্যমাণ আদালতে প্রত্যেকের ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়া শহরের দাতিয়ারা এলাকায় মাদকের আড্ডায় ঝটিকা অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় ৭ যুবককে গ্রেপ্তার করেছে ২ নম্বর শহর পুলিশ ফাঁড়ির একটি দল। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে শহরের কোট বিল্ডিংয়ের পশ্চিম পাশে দাতিয়ারা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ২ নম্বর শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জের নেতৃত্বে পুলিশের একটি দল আকস্মিকভাবে ওই এলাকায় অভিযান চালায়। এ সময় মাদক সেবনরত অবস্থায় ৭ জনকে হাতেনাতে আটক করা হয়।
পুলিশের দাবি, দীর্ঘদিন ধরে কোট বিল্ডিং সংলগ্ন দাতিয়ারা এলাকায় একটি অসাধু চক্র মাদক সেবন ও কেনাবেচার সঙ্গে জড়িত ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় তাদের আটক করা হয়।
কারাদণ্ডপ্রাপ্তরা হলেন
১. আশিক (২২), পিতা—সোলাইমান
২. শিপন (২২)
৩. আব্দুর রাকিব (২০), পিতা—জাহাঙ্গীর
৪. আকাশ (১৮), পিতা—বাহার মিয়া
৫. হেলাল মিয়া (২০), পিতা—কাসেম মিয়া
৬. আপন (১৯), পিতা—মোশাররফ হোসেন
৭. রুহান (১৯)
পুলিশ জানায়, দণ্ডপ্রাপ্ত সবাই ব্রাহ্মণবাড়িয়া সদর থানার দাতিয়ারা এলাকার বাসিন্দা।
আটকের পর তাদের ভ্রাম্যমাণ আদালতের বিচারকের সামনে হাজির করা হয়। সেখানে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পরে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
পুলিশ প্রশাসন জানিয়েছে, মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং এলাকাকে মাদকমুক্ত রাখতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।
