ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন হয়েছে বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। তিনি বলেন, দেশের গণতন্ত্র রক্ষা ও ভোটের অধিকার প্রতিষ্ঠার সঙ্গে জিয়া পরিবারের নাম ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
শনিবার (২৯ আগস্ট) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ মিলনায়তনে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার আয়োজনে ‘জিয়া থেকে খালেদা জিয়া ও তারেক রহমান—গণতন্ত্র, ভোটের অধিকার ও সংবাদপত্রের স্বাধীনতা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইঞ্জিনিয়ার শ্যামল বলেন, ‘তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিস্ট হাসিনাকে আমরা বিদায় করেছি। এই দেশের গণতন্ত্র রক্ষার্থে, ভোটের অধিকারের সঙ্গে জিয়া পরিবারের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে।’
সাংবাদিকদের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, ‘ফ্যাসিস্টের আমলে কিছু কিছু সাংবাদিক সুবিধা ভোগ করেছেন। তারা ৫ আগস্টের আগে ব্যানার নিয়ে প্রেসক্লাবের সামনে গণতন্ত্রের বিরুদ্ধে ছিলেন।’
আলোচনা সভায় দেশের গণতন্ত্র, ভোটাধিকার ও সংবাদপত্রের স্বাধীনতা নিয়ে বক্তারা তাদের বক্তব্য তুলে ধরেন। পাশাপাশি বিএনপির রাজনীতির বিভিন্ন পর্যায়ে কারা নির্যাতনের শিকার হওয়া জেলার কয়েকজন শীর্ষ নেতা ও সাংবাদিককে সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের হেড অব নিউজ মো. শরিফুল ইসলাম খান। অনুষ্ঠানের উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক মো. আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ।
সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি নিয়াজ মো. খান বিটুর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. সামসুল আরেফিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল আহাদ। শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের অর্থবিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আহাদ।
এ সময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব হাফিজুর রহমান মোল্লা কচি, জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক পিপি মো. সফিকুল ইসলাম, সহ-সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান মঞ্জু এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজমসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
কারা নির্যাতিত নেতা ও সাংবাদিকদের সম্মাননা
অনুষ্ঠানে কারা নির্যাতিত বিএনপি নেতাদের মধ্যে সম্মাননা পান ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, মো. সিরাজুল ইসলাম, আলহাজ্ব হাফিজুর রহমান মোল্লা কচি ও মো. সফিকুল ইসলাম পিপি।
এ ছাড়া সাংবাদিকদের মধ্যে সম্মাননা পান আবু আব্দুল্লাহ, মোকলেসুর রহমান, আশিকুর রহমান চৌধুরী পনি, আজিজুর রহমান পায়েল ও জয় আহমেদ।
অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, সাংবাদিক ইউনিয়নের সদস্য, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
ছবি: সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার অনুষ্ঠানে প্রধান অতিথি কারা নির্যাতিত নেতা ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপিকে সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের বার্তা সম্পাদক মো. শরিফুল ইসলাম খান।
