ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে প্রশ্ন তুলে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, ‘৮০–৯০ টাকা কেজির নিচে সবজি নেই। ঢাকা শহরে একটা ডিমের দাম ১৫ টাকা। গরিব খাবে কী?’
শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের জয়দরকান্দি গ্রামের ১ ও ২ নম্বর ওয়ার্ডের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
রুমিন ফারহানা বলেন, ‘১৭ বছর আমরা আন্দোলন-সংগ্রাম করেছি। আমরা আশা করেছিলাম, আমরা জনগণের একটা সরকার পাব, যারা বিদ্যুৎ সমস্যার সমাধান করবে, গ্যাসের সমস্যা সমাধান করবে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটাবে এবং জিনিসপত্রের দাম নাগালের মধ্যে রাখবে।’
তবে দ্রব্যমূল্যের বর্তমান পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। সবজির উচ্চমূল্য ও ডিমের দাম উল্লেখ করে তিনি নিম্নআয়ের মানুষের খাদ্যসংকটের বিষয়টি সামনে আনেন।
এ সময় এলাকায় চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান সংসদ সদস্য। তিনি বলেন, ‘আমার এলাকায় চাঁদাবাজি হলে আমি কাউকে চিনি না। আমি তাঁর বিরুদ্ধে রাস্তায় দাঁড়াব। ডান পাশে বালুচোর আর বাম পাশে মামলাবাজ নিয়ে আমি রাজনীতি করতে চাই না।’
নিজের আত্মীয়স্বজনকে বিশেষ সুবিধা দেওয়ার প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, তাঁর কোনো আত্মীয়কে সারের ডিলারশিপ কিংবা সড়ক নির্মাণের ঠিকাদারি দেওয়ার প্রয়োজন নেই। একইভাবে কাউকে চাঁদা দিয়ে ব্যবসা করতে হবে—এমন পরিস্থিতিও তিনি চান না বলে বক্তব্যে উল্লেখ করেন।
নিজের কোনো কর্মীর বিরুদ্ধে অভিযোগ থাকলে তা লিখিতভাবে জানানোর আহ্বান জানান তিনি। অভিযোগকারীর নাম-পরিচয় গোপন রাখা হবে উল্লেখ করে রুমিন ফারহানা বলেন, অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তাঁর কোনো কর্মী ভোটারের সঙ্গে খারাপ আচরণ করলেও বিষয়টি তাঁকে জানানোর আহ্বান জানান তিনি।
মতবিনিময় সভায় স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
