নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া | ২৮ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার শিমাইকান্দি হয়ে বিজয়নগর উপজেলার চম্পকনগর সংযোগকারী গুরুত্বপূর্ণ শেখ হাসিনা সড়কে সিএনজি চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। একই সঙ্গে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া আদায়ের অভিযোগও রয়েছে।
স্থানীয়দের অভিযোগ, প্রায় ৯ থেকে ১০ কিলোমিটার এ সড়কে নির্ধারিত সিএনজি ভাড়া ৪০ টাকা হলেও বিভিন্ন সময়ে যাত্রীদের কাছ থেকে ৬০ টাকা পর্যন্ত এবং রাতে আরও বেশি ভাড়া নেওয়া হয়েছে।
অতিরিক্ত ভাড়া আদায়কে কেন্দ্র করে সদর উপজেলার সিএনজি চালক ও চম্পকনগর এলাকার চালকদের মধ্যে সম্প্রতি সংঘর্ষের ঘটনাও ঘটে। এর পর থেকে এ রুটে সিএনজি চলাচল বন্ধ রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
সিএনজি বন্ধ থাকায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থী, চাকরিজীবী, রোগী ও নিয়মিত যাত্রীরা। বিকল্প গণপরিবহন ব্যবস্থা না থাকায় অনেককে অতিরিক্ত সময় ও অর্থ ব্যয় করে গন্তব্যে যেতে হচ্ছে।
ভুক্তভোগী যাত্রীরা দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করে এ রুটে সিএনজি চলাচল চালুর পাশাপাশি প্রয়োজন হলে লেগুনাসহ বিকল্প গণপরিবহন চালুর দাবি জানিয়েছেন। একই সঙ্গে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।
ছবি: সংগৃহীত
