নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে রান্না করা খাবারে বিষ মেশানোর অভিযোগ উঠেছে। ওই খাবার খেয়ে আট বছরের এক শিশু অসুস্থ হয়ে পড়েছে। পরে একই খাবারের উচ্ছিষ্ট খেয়ে কয়েকটি মুরগি মারা গেছে বলে অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা।
ঘটনাটি ঘটেছে উপজেলার গোকর্ণ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মহনপুর গ্রামে। এ ঘটনায় মো. ছত্তর মিয়া (৪৪) রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে নাসিরনগর থানায় লিখিত অভিযোগ করেছেন।
থানায় দেওয়া অভিযোগে ছত্তর মিয়া দাবি করেন, অজ্ঞাতনামা ব্যক্তি বা ব্যক্তিরা তাদের বসতঘরে অনধিকার প্রবেশ করে রান্না করা খাবারে বিষ মিশিয়ে তাকে ও পরিবারের সদস্যদের হত্যার চেষ্টা করছেন।
অভিযোগে বলা হয়, ঘটনার দিন দুপুরে ছত্তর মিয়ার আট বছর বয়সী ছেলে দ্বীন ইসলাম রান্না করা ভাত ও তরকারি খেতে শুরু করে। এ সময় খাবার থেকে বিষের গন্ধ পেয়ে সে খাওয়া বন্ধ করে দেয়। কিছুক্ষণ পর শিশুটি অসুস্থ হয়ে পড়ে।
পরে খাবারের উচ্ছিষ্ট বাড়িতে থাকা মুরগিকে খাওয়ানো হলে কয়েকটি মুরগি মারা যায় বলে অভিযোগ করেন পরিবারের সদস্যরা। শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে জানান ছত্তর মিয়া।
ছত্তর মিয়ার অভিযোগ, অজ্ঞাতনামা ব্যক্তিরা দীর্ঘদিন ধরে তাদের পরিবারের ক্ষতি করার সুযোগ খুঁজছে। এ ঘটনার পর পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
তিনি জানান, বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, এলাকাবাসী ও সাক্ষীরা অবগত রয়েছেন। শিশুর চিকিৎসায় ব্যস্ত থাকায় থানায় অভিযোগ করতে কিছুটা বিলম্ব হয়েছে।
গোকর্ণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মো. শাহিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের শনাক্ত করে তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন ছত্তর মিয়া।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলাম বলেন, “অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
