ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
গাজীপুরের টঙ্গীতে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ মাজেদা বেগম (৩৭) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। পুলিশের দাবি, গ্রেপ্তার ওই নারী ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার বাসিন্দা।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে টঙ্গী পূর্ব থানাধীন গাজীপুরা কাজীবাড়ি এলাকার চন্দ্রিমা হাউজিংয়ের একটি ফ্ল্যাটে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রিমা হাউজিংয়ের একটি পাঁচতলা ভবনে অভিযান চালায় টঙ্গী পূর্ব থানা পুলিশ। অভিযানের একপর্যায়ে একটি ফ্ল্যাট থেকে মাজেদা বেগমকে গ্রেপ্তার করা হয়। পরে তার কাছ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার মাজেদা বেগম ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার ধরাভাঙ্গা এলাকার মৃত ইদ্রিস মিয়ার মেয়ে।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাকছুদুল আলম জানান, গ্রেপ্তার মাজেদা বেগমের বিরুদ্ধে ঢাকা মহানগরসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে নতুন করে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মামলার পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে গ্রেপ্তার নারীকে আদালতে পাঠানো হয়েছে।
এদিকে, উদ্ধার হওয়া গাঁজা কোথা থেকে আনা হয়েছিল এবং এর সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখতে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।
