ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও বিএনপি-ছাত্রদলের নেতাকর্মীদের জন্য কেক রেখে যাওয়ার দাবি করে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে ঘটনাটির কোনো বাস্তব ভিত্তি নেই বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে জেলা শহরের টিএ রোডের ফকিরাপুল এলাকায় একটি কেক রেখে যাওয়ার দৃশ্য ধারণ করা ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে বিভিন্ন ফেসবুক পেজ ও আইডিতে ভিডিওটি প্রচার হলে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।
ছড়িয়ে পড়া ভিডিওতে এক ব্যক্তিকে বলতে শোনা যায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ ও জেলা ছাত্রলীগের পক্ষ থেকে সদর মডেল থানার ওসির জন্য কেকটি পাঠানো হয়েছে। একইসঙ্গে পুলিশ প্রশাসনের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার প্রত্যাশার কথাও বলতে শোনা যায়।
ভিডিওতে আরও জুলাই আন্দোলনে নিহত পুলিশ সদস্যদের হত্যার বিচার এবং শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে বক্তব্য দিতে শোনা যায়। পাশাপাশি সদর মডেল থানার ওসিকে সহকর্মী, বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে কেকটি ভাগাভাগি করে খাওয়ার অনুরোধ করা হয়।
ভিডিওতে দেখা কেকটির ওপর লেখা ছিল, ‘শুভ জন্মদিন শেখ হাসিনা’ এবং ‘ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ ও জেলা ছাত্রলীগের পক্ষ থেকে ব্রাহ্মণবাড়িয়ার ওসির জন্য’। কেকটির ওপর জাতীয় পতাকার ছবিও আঁকা ছিল।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের সদস্য সচিব সমীর চক্রবর্তী বলেন, “নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ব্রাহ্মণবাড়িয়া শহরে কোনো অস্তিত্ব বা সাংগঠনিক ভিত্তি নেই। সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রল করার উদ্দেশ্যে এ ধরনের কর্মকাণ্ড করা হচ্ছে। এ বিষয়ে আমরা সতর্ক ও সোচ্চার রয়েছি।”
অন্যদিকে, ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম বলেন, “কেক রেখে যাওয়ার ঘটনার বাস্তবে কোনো ভিত্তি নেই। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যে এ ধরনের ভুয়া তথ্য প্রচার করা হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক রয়েছে।”
পুলিশের পক্ষ থেকে ঘটনাটিকে ভিত্তিহীন বলা হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি ঘিরে স্থানীয়ভাবে নানা আলোচনা ও প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
