ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ১১ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে পৌরসভার দুর্গাপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত ২টা ৩০ মিনিটের দিকে আখাউড়া থানা পুলিশের একটি দল পৌরসভার দুর্গাপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় দুইজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের হেফাজত থেকে ১১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—বিজয়নগর উপজেলার কাশিনগর গ্রামের মৃত ফিরোজ মিয়ার ছেলে সুজন ভূইয়া এবং আখাউড়া উপজেলার আজমপুর গ্রামের মোহাম্মদ আলী ওরফে টেপার ছেলে সুমন মিয়া।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তার সুজন ভূইয়ার বিরুদ্ধে এর আগে তিনটি মাদক মামলাসহ মোট পাঁচটি মামলা রয়েছে। অপরদিকে সুমন মিয়ার বিরুদ্ধে দুটি মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
অভিযানে উদ্ধার করা ১১ কেজি গাঁজা বিধি মোতাবেক জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে।
এ ঘটনায় আখাউড়া থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
