ব্রাহ্মণবাড়িয়ার মাছিহাতা ইউনিয়নের গজারিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৪ পরিবারের ঘর পুনর্নির্মাণে টিন ও নির্মাণসামগ্রী দিয়েছে মানবসেবা আলমি ফাউন্ডেশন। তৃতীয় দফায় এসব সামগ্রী বাবদ ব্যয় হয়েছে ৩ লাখ ৫২ হাজার ২৯০ টাকা।
শনিবার (৩ অক্টোবর) ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে ২৭৯ পিস টিন, ৩৩ বান টিন ও ৫৫ তলি নির্মাণসামগ্রী বিতরণ করা হয়। ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, প্রতিটি পরিবারের ঘরের চাল নির্মাণে প্রয়োজন অনুযায়ী টিন সরবরাহ করা হয়েছে।
এর আগে অগ্নিকাণ্ডের পর প্রথম দফায় ক্ষতিগ্রস্ত ১৪ পরিবারকে ৫০ হাজার টাকা নগদ সহায়তা দেওয়া হয়। পরে দ্বিতীয় দফায় প্রতিটি পরিবারকে চাল, আলু, পেঁয়াজ, রসুন, ডাল ও তেলসহ খাদ্যসামগ্রী দেওয়া হয়। পরিবারের সদস্যদের জন্য শাড়ি ও লুঙ্গিও বিতরণ করা হয়।
ফাউন্ডেশনটির পক্ষ থেকে বলা হয়েছে, অগ্নিকাণ্ডের পর ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তাৎক্ষণিক প্রয়োজন মেটাতে নগদ অর্থ ও খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে। এবার ঘর পুনর্নির্মাণের জন্য প্রয়োজনীয় টিন সরবরাহ করা হলো।
সহায়তা কার্যক্রমে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা-চেয়ারম্যান আল্লামা শায়খ মুফতি ইবরাহীম কাসেমী দা.বা., ফুলবাড়ীয়া গ্রামের কৃতী সন্তান হাফিজ আহমদ, মুফতি ফরহাত সিদ্দিকী, মুফতি হোসাইন আহমদ, মুফতি হারুনুর রশিদ, মাওলানা বশির আহমদ, মুফতি আবিদুর রহমান ও মুফতি সানাউল্লাহ রহমানীসহ স্থানীয় ওলামায়ে কেরাম ও গণ্যমান্য ব্যক্তিরা।
