বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া:
ব্রাহ্মণবাড়িয়া শহরে কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ড ও বেপরোয়া আড্ডা নিয়ন্ত্রণে সাঁড়াশি অভিযান চালিয়েছে সদর মডেল থানা পুলিশ। সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪২ কিশোরকে আটক করা হয়।
পুলিশ জানায়, পুনিয়াউট, দাতিয়ারা, রেলস্টেশন, অবকাশ পার্ক, কান্দিপাড়া, টেংকের পাড় ও মেড্ডাসহ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। এসব এলাকায় সন্ধ্যার পর কিশোরদের অপ্রয়োজনীয় আড্ডা ও বিভিন্ন ধরনের অপতৎপরতার অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম জানান, আটক ৪২ জনই অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের অভিভাবকদের ডেকে মুচলেকা নেওয়া হয়েছে। পরে পরিবারের জিম্মায় তাদের ছেড়ে দেওয়া হয়। একই সঙ্গে ভবিষ্যতে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়ালে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সন্ধ্যার পর শেখ হাসিনা সেতু, শিমরাইলকান্দি, মুন্সেফপাড়া ও মেড্ডাসহ শহরের বিভিন্ন স্থানে কিশোরদের অপ্রয়োজনীয় আড্ডার বিষয়টি নজরে আসে। এর পরিপ্রেক্ষিতে অপরাধ ও অপসংস্কৃতি নিয়ন্ত্রণে অভিযান জোরদার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, কিশোরদের পড়াশোনায় মনোযোগী রাখা এবং অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে শহরের বিভিন্ন পাড়া-মহল্লায় নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত এ ধরনের অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে পুলিশ।
