বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে দালালির অভিযোগে পারভীন (৪৮) নামে এক নারীকে আটক করা হয়েছে। বুধবার (৭ অক্টোবর) ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার অভিযানে তাকে আটক করা হয়।
পরে পারভীনকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা অর্থদণ্ড দেন। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ২ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, সদর হাসপাতালে দালালচক্রের দৌরাত্ম্য বন্ধ এবং রোগী ও স্বজনদের হয়রানি থেকে মুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয় নাগরিকরা মনে করেন, সরকারি হাসপাতালে দালালচক্রের বিরুদ্ধে নিয়মিত অভিযান ও আইনগত ব্যবস্থা নেওয়া হলে রোগী ও স্বজনদের ভোগান্তি কমার পাশাপাশি চিকিৎসাসেবা গ্রহণের পরিবেশ আরও স্বাভাবিক হবে।
