ব্রাহ্মণবাড়িয়া প্রতিদিন:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অসুস্থ অবস্থায় উদ্ধার হওয়া বৃদ্ধা ফুলি এখনো হাসপাতালে চিকিৎসাধীন। সন্তান ও পরিবারের সদস্য থাকা সত্ত্বেও দীর্ঘ ১২ দিন ধরে তাঁর পাশে কাউকে পাওয়া যাচ্ছে না। এ অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া বাতিঘরের তত্ত্বাবধানে চলছে তাঁর চিকিৎসা ও প্রয়োজনীয় সেবা-যত্ন।
মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে বৃদ্ধা ফুলির প্রয়োজনীয় পরিচর্যা করা হয়। তাঁর জামা-কাপড় পরিবর্তন, পরিষ্কার-পরিচ্ছন্নতা, প্যাম্পাস পরানোসহ নতুন বিছানা, চাদর ও বালিশের ব্যবস্থা করা হয়। রাতে তাঁকে শুকনো খাবারও দেওয়া হয়।
বাতিঘরের পক্ষ থেকে তাঁর জন্য প্রয়োজনীয় পোশাক ও ব্যবহার্য সামগ্রীসহ দুইটি কভারসহ বালিশ, দুইটি রেসকিন/ওয়ালকালাত, দুইটি মেসকি কাপড়, একটি হিজাব এবং রাতের খাবারের ব্যবস্থা করা হয়েছে।
গত ২৩ সেপ্টেম্বর বিকেলে সরাইল সদর ইউনিয়নের বড্ডাপাড়া গরুর বাজারের সামনে অসুস্থ অবস্থায় পড়ে ছিলেন বৃদ্ধা ফুলি। পরে ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার তাঁকে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে দুই দিন চিকিৎসাধীন থাকার পর শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালের অ্যাম্বুলেন্সচালক জাকিরুল ইসলাম ও স্বাস্থ্যকর্মী রাসেল চৌধুরী তাঁকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসেন।
২৫ সেপ্টেম্বর রাত সোয়া ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়া বাতিঘরের তত্ত্বাবধানে তাঁকে হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়।
পরবর্তীতে খোঁজ নিয়ে জানা যায়, বৃদ্ধা ফুলির স্বামীর নাম সিদ্দিক মিয়া এবং ছেলের নাম ফরিদ মিয়া। তাঁদের বাড়ি সরাইল উপজেলার সদর ইউনিয়নের উচালিয়াপাড়া গ্রামের দক্ষিণ পাড়ায়। তাঁর সন্তান থাকা সত্ত্বেও বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন মায়ের পাশে পরিবারের কাউকে পাওয়া যাচ্ছে না বলে বাতিঘরের পক্ষ থেকে জানানো হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া বাতিঘরের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবারের কেউ এগিয়ে এসে ফুলির দায়িত্ব না নিলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর উদ্যোগ নেওয়া হবে। পরবর্তীতে প্রয়োজন অনুযায়ী সরকারি আশ্রমে রাখার ব্যবস্থাও করা হতে পারে।
বৃদ্ধা ফুলির পরিবারের সদস্যদের প্রতি মানবিকভাবে তাঁর পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছে। জীবনের শেষ সময়ে একজন অসুস্থ মায়ের প্রয়োজন আপনজনের ভালোবাসা, যত্ন ও নিরাপত্তা।
এদিকে বৃদ্ধা ফুলির দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছে ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর।
অনুরোধক্রমে:
ইঞ্জি. মো. আজহার উদ্দিন
প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান
ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর
মোবাইল: ০১৭৯৮-০৯১৭২১
