ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় চাঁদ মিয়া ওরফে চাঁন মিয়া (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ। পুলিশের দাবি, তার বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি, পুলিশকে মারধর, মাদক ও মারামারিসহ বিভিন্ন অভিযোগে মোট ১৮টি মামলা রয়েছে। তার বিরুদ্ধে একটি গ্রেপ্তারি পরোয়ানাও রয়েছে।
বুধবার (৭ অক্টোবর) ভোর ৫টার দিকে শহরের বাগানবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। চাঁদ মিয়া ওরফে চাঁন মিয়া ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কান্দিপাড়া গ্রামের মৃত ফজলু মিয়ার ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর মডেল থানা পুলিশের নিয়মিত ও বিশেষ অভিযানের অংশ হিসেবে বাগানবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় চাঁন মিয়াকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের তথ্যমতে, চাঁন মিয়ার বিরুদ্ধে বিভিন্ন সময়ে ডাকাতির প্রস্তুতি, পুলিশকে মারধর, মাদক ও মারামারিসহ বিভিন্ন অভিযোগে ১৮টি মামলা রয়েছে। এর মধ্যে একটি মারামারির মামলা বর্তমানে তদন্তাধীন। এছাড়া তার বিরুদ্ধে একটি গ্রেপ্তারি পরোয়ানাও রয়েছে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধে জড়িত থাকার কারণে আনন্দবাজার ও কান্দিপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে তাকে নিয়ে অসন্তোষ ছিল। তার গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানান তারা।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘চাঁন মিয়ার বিরুদ্ধে ছিনতাই, মাদকসহ বিভিন্ন অপরাধে মোট ১৮টি মামলা রয়েছে। পুলিশের বিশেষ অভিযানের মাধ্যমে তাকে গ্রেপ্তার করা হয়েছে।’
তিনি জানান, বুধবার বিকেলে চাঁন মিয়াকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ওসি আরও বলেন, ‘মাদক, ছিনতাইকারী ও কিশোর গ্যাংবিরোধী পুলিশের অভিযান অব্যাহত থাকবে।’
