ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবনিযুক্ত সহকারী কমিশনার (ভূমি)-এর সঙ্গে মতবিনিময় করেছেন দুর্নীতিবিরোধী সংগঠন ‘ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়া’র নেতৃবৃন্দ।
মতবিনিময়কালে ভূমি অফিসে বিদ্যমান বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ নিয়ে আলোচনা হয়। এ সময় ভূমিসেবা নিতে আসা সাধারণ মানুষ যাতে কোনো ধরনের হয়রানি, ভোগান্তি কিংবা অনিয়মের শিকার না হন, তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) বলেন, ভূমি অফিসে কোনো অনিয়মের ঘটনা ঘটলে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণসহ তাঁকে অবহিত করতে হবে। অভিযোগের পক্ষে তথ্য-প্রমাণ পাওয়া গেলে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি আশ্বস্ত করেন।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, ভূমি অফিসসহ বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে তাদের অবস্থান অব্যাহত থাকবে। পাশাপাশি সাধারণ মানুষের ভোগান্তি কমানো এবং ভূমিসেবা কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে সংগঠনটি দায়িত্বশীল ভূমিকা পালন করবে।
সাধারণ মানুষের হয়রানি বন্ধ এবং ভূমিসেবায় স্বচ্ছতা প্রতিষ্ঠায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করেন সংগঠনটির নেতৃবৃন্দ।
