বিজয়নগর প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া:
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের একটি পিকআপ ভ্যান খাদে পড়ে তিন পুলিশ সদস্য ও দুই আসামিসহ পাঁচজন আহত হয়েছেন।
শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে উপজেলার মনিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।
আহতরা হলেন—পুলিশের কনস্টেবল মো. মোস্তফা (৩০), মো. জুম্মান (৩০), পিকআপের চালক নায়েক তোফায়েল আহমেদ (৪২) এবং দুই আসামি মহন মিয়া (৪৫) ও রুজিনা বেগম (৩৫)। আহত দুই আসামিই বিজয়নগর উপজেলার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে বিজয়নগর থানা থেকে দুই আসামিকে নিয়ে পুলিশের পিকআপ ভ্যানটি ব্রাহ্মণবাড়িয়া আদালতের উদ্দেশে রওনা হয়। পথে মনিপুর এলাকায় পৌঁছালে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
পরে স্থানীয় লোকজন ও পুলিশ সদস্যরা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তাঁরা চিকিৎসাধীন রয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আরাফাতুল ইসলাম জানান, দুর্ঘটনায় আহত পাঁচজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ।
