স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া:
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাবেক আহ্বায়ক রুবেল চৌধুরী ফুজায়েলের প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে সংগঠনটির কেন্দ্রীয় সংসদ। দীর্ঘ প্রায় তিন বছর পর বহিষ্কারাদেশ প্রত্যাহারের মধ্য দিয়ে আবারও সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় হওয়ার সুযোগ পেয়েছেন তিনি।
গত শুক্রবার (৯ অক্টোবর) কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী তাঁর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেন। সংগঠনটির দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কারাদেশ প্রত্যাহারের প্রতিক্রিয়ায় রুবেল চৌধুরী ফুজায়েল বলেন, দলের অভ্যন্তরীণ কিছু ভুল-বোঝাবুঝির কারণে প্রায় তিন বছর আগে তাঁকে বহিষ্কারের মুখে পড়তে হয়েছিল। দীর্ঘ সময় পর কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্তে সেই বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়ায় তিনি আনন্দিত ও আবেগাপ্লুত। এ সিদ্ধান্তকে তিনি নতুন করে সাংগঠনিক পথচলার অনুপ্রেরণা হিসেবে দেখছেন।
তিনি আরও বলেন, বিগত সরকারের আমলে দলের আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকতে গিয়ে তাঁকে নির্যাতন-নিপীড়ন, মামলা ও কারাবরণের মতো পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে বলে তিনি দাবি করেন। প্রতিকূলতার মধ্যেও দলের আদর্শ ও জাতীয়তাবাদী চেতনা থেকে বিচ্যুত হননি বলেও জানান তিনি।
ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে ফুজায়েল বলেন, রাজনীতি শুধু পদ-পদবির বিষয় নয়; বরং আদর্শ, ত্যাগ, দায়িত্ববোধ ও মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার। অতীতের ভুল-বোঝাবুঝি পেছনে ফেলে ছাত্রদলকে আরও শক্তিশালী, ঐক্যবদ্ধ ও গতিশীল সংগঠন হিসেবে গড়ে তুলতে কাজ করতে চান তিনি।
তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সংগঠনের আদর্শ ও কর্মসূচি বাস্তবায়ন, ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন এবং নতুন প্রজন্মকে সংগঠনের আদর্শে উজ্জীবিত করার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি। কেন্দ্রীয় নেতৃত্বের আস্থার প্রতিদান সাংগঠনিক কর্মকাণ্ড ও দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে দিতে চান বলে জানান রুবেল চৌধুরী ফুজায়েল।
