ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ৭৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি হলুদ রঙের মিনি কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর ২টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ৮ নম্বর কুটি ইউনিয়নের আতকাপাড়া এলাকায় অভিযান চালায় কসবা থানা পুলিশের একটি দল। অভিযানকালে সন্দেহভাজন একটি হলুদ রঙের মিনি কাভার্ডভ্যান আটক করে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়িটি থেকে ৭৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কসবা উপজেলার আতকাপাড়া গ্রামের মৃত লিয়াকত আলীর ছেলে মো. গোলাম কিবরিয়া ওরফে রবিন এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মুকিমপুর গ্রামের মো. শাহজাহানের ছেলে আমিনুল ইসলাম ওরফে সিজান।
পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার করা গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত মিনি কাভার্ডভ্যানটি বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে কসবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
