শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম।
শুক্রবার (১৬ অক্টোবর) পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপ পরিচালনা কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং নির্বিঘ্নে পূজা উদযাপনে পারস্পরিক সহযোগিতা, সতর্কতা ও সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন। এ সময় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।
পরিদর্শনে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মুঃ জালাল উদ্দিন ফাহিম, পিপিএম-সেবা, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং স্থানীয় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।
জেলা পুলিশ জানিয়েছে, পূজামণ্ডপের নিরাপত্তায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন, নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারিসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণ ও নিরাপদে দুর্গাপূজা উদযাপন নিশ্চিত করতে পুলিশ তৎপর রয়েছে।
পরিদর্শন শেষে ডিআইজি পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, মণ্ডপ কমিটির সদস্য ও ভক্তদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন।
