বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারের নির্দেশনা বাস্তবায়নে কঠোর অবস্থান নিয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন। সরকারি নির্দেশনা অনুযায়ী রাত ৮টার মধ্যে জেলার সব দোকানপাট ও শপিং মল বন্ধ রাখার কথা থাকলেও বিভিন্ন এলাকায় তা যথাযথভাবে মানা হচ্ছে না। এ পরিস্থিতিতে নির্দেশনা বাস্তবায়নে মাঠপর্যায়ে তৎপরতা বাড়িয়েছে প্রশাসন।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নির্ধারিত সময়ের পরও বিভিন্ন বাজার ও বাণিজ্যিক এলাকায় দোকানপাট খোলা রাখার অভিযোগ পাওয়া যাচ্ছে। এ কারণে সরকারি নির্দেশনা কার্যকর করতে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের মাধ্যমে নিয়মিত তদারকি ও অভিযান পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে।
শহরের গুরুত্বপূর্ণ বাজার, বিপণিবিতান, শপিং মল ও জনবহুল এলাকায় নজরদারি জোরদার করা হচ্ছে। পাশাপাশি নির্ধারিত সময়ের পর দোকান খোলা রাখলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে ব্যবসায়ীদের সরকারি নির্দেশনা মেনে রাত ৮টার মধ্যে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের জাতীয় স্বার্থে ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট সবাইকে প্রশাসনকে সহযোগিতা করার অনুরোধ করা হয়েছে।
সরকারের এ উদ্যোগ বাস্তবায়নে ব্যবসায়ীদের দায়িত্বশীল ভূমিকা কতটা নিশ্চিত করা যায়, এখন সেটিই দেখার বিষয়।
