জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ায় নাশকতার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতা ও যুবলীগের এক কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৯ নভেম্বর) রাতে জেলার পৃথক দুটি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের চিলোকুট গ্রামের আব্দুল মালেক মাস্টারের ছেলে মো. ইকবাল হোসেন (৪৬)। তিনি সাদেকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক। অপরজন হলেন, মাছিহাতা ইউনিয়নের আটলা গ্রামের মো. মনির ভূঁইয়ার ছেলে মো. সারোয়ার হোসাইন (২৫)। তিনি জেলা আওয়ামী যুবলীগের সক্রিয় কর্মী।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় শহরের পাইকপাড়া এলাকা থেকে ইকবাল হোসেনকে এবং রাত ১১টার দিকে মাছিহাতার আটলা এলাকা থেকে সারোয়ার হোসাইনকে গ্রেফতার করা হয়। পরে তাদের ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় নেওয়া হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতার দুজনের বিরুদ্ধেই নাশকতার অভিযোগ রয়েছে। মঙ্গলবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হবে। নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ন্ত্রণে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
