স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ মো. রুবেল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারও আটক করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে কসবা উপজেলার ৮ নম্বর কুটি ইউনিয়নের কুটি চৌমুহনী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে কসবা থানা পুলিশের একটি দল।
পুলিশ জানায়, অভিযানের সময় সন্দেহভাজন একটি প্রাইভেটকার আটক করে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়ি থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে মাদকসহ মো. রুবেলকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা মাদকদ্রব্য ও অন্যান্য আলামত বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার মো. রুবেল কসবা উপজেলার কালিকাপুর গ্রামের মৃত শাহ আলমের ছেলে।
এ ঘটনায় কসবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে বলে জানা গেছে।
