তারিখ: ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ / ১১ নভেম্বর ২০২৬ ইংরেজি
নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া:
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ঐতিহ্যবাহী চিনাইর ডিগ্রি কলেজ প্রাঙ্গণে অবস্থিত ‘শহীদ মীর মুগ্ধ মঞ্চে’ আবারও কালি লেপনের ন্যক্কারজনক ঘটনা ঘটেছে। জুলাই অভ্যুত্থানের শহীদের স্মৃতির প্রতি এমন অবমাননার ঘটনায় কলেজটির সাধারণ শিক্ষার্থী ও স্থানীয় এলাকাবাসীর মাঝে চরম ক্ষোভ ও তীব্র অসন্তুষ্টি বিরাজ করছে।
এর আগে গত ২৫ নভেম্বর ২০২৫ তারিখেও এই মঞ্চে একই কায়দায় কালি দেওয়া হয়েছিল। বারবার শহীদদের স্মৃতিবিজড়িত স্থাপনায় এ ধরনের উসকানিমূলক ও বিকৃতমূলক কর্মকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ক্ষুব্ধ শিক্ষার্থী ও স্থানীয় জনসাধারণ।
২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকার উত্তরায় আন্দোলনকারীদের মাঝে পানি বিতরণকালে পুলিশের গুলিতে শহীদ হন মীর মুগ্ধ। মৃত্যুর ঠিক আগমুহূর্তেও তাঁর কণ্ঠে উচ্চারিত হয়েছিল সেই ঐতিহাসিক আকুতি—“পানি লাগবে পানি, ভাই পানি লাগবে?”।
তরুণ এই বীরের আত্মত্যাগকে চিরস্মরণীয় করে রাখতে চিনাইর ডিগ্রি কলেজ প্রাঙ্গণে ‘শহীদ মীর মুগ্ধ মঞ্চ’ নির্মাণ করা হয়েছিল। কিন্তু একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে এই পবিত্র স্মৃতিচিহ্নকে টার্গেট করে এর ওপর কালি লেপন করে আসছে।
গত ২৫ নভেম্বর ২০২৫ তারিখে প্রথম দফায় মঞ্চে কালি দেওয়ার পর স্থানীয়রা এর তীব্র প্রতিবাদ জানালেও, কিছুদিন না যেতেই আবারও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল।
এলাকাবাসীর ধারণা, রাতের আঁধারে দুর্বৃত্তরা বা কে বা কারা গোপনে এই ন্যক্কারজনক কাজটি করে পালিয়ে গেছে। ঘটনার খবর সকালে ছড়িয়ে পড়ার পর কলেজ ক্যাম্পাস ও আশপাশের এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয়।
খবর পেয়ে সাধারণ শিক্ষার্থী ও স্থানীয় এলাকাবাসী একত্রিত হয়ে ঘটনাস্থলে তীব্র প্রতিবাদ জানান এবং অবিলম্বে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি জানান।
এলাকাবাসী ও শিক্ষার্থীরা এ সময় ক্ষোভ প্রকাশ করে বলেন যে, শহীদদের অবমাননা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
তাঁরা আরও বলেন, যে মুগ্ধ নিজের জীবনের পরোয়া না করে রাজপথে আন্দোলনকারীদের মুখে পানি তুলে দিতে গিয়ে শহীদ হয়েছেন, তাঁর স্মৃতির অবমাননা মানে পুরো জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা। যারা এই ন্যক্কারজনক কাজ করেছে, তাদের দ্রুত খুঁজে বের করে কঠোর শাস্তির আওতায় আনতে হবে।
