
ব্রাহ্মণবাড়িয়ায় সুমন হত্যা মামলায় মিথ্যা মামলা ও হুমকির প্রতিবাদে মানববন্ধন
সুমন হত্যা মামলার আসামি মুর্শিদ মিয়া গং-এর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের ও হত্যার হুমকির অভিযোগে প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে এলাকাবাসী। একই সঙ্গে প্রকৃত ঘটনা উদঘাটনে সুষ্ঠু, স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত এবং হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।
রোববার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানার অরুয়াইল ইউনিয়নের ধামাউরা চকবাজার এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নিহত সুমনের পরিবারের সদস্যসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, একটি প্রভাবশালী মহল পরিকল্পিতভাবে নিহত সুমনের পরিবারের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে তাদের হয়রানি করছে এবং হত্যার হুমকি দিচ্ছে। প্রকৃত অপরাধীদের আড়াল করতে নিরপরাধদের বলির পাঁঠা বানানোর চেষ্টা চলছে বলেও তারা দাবি করেন।
বক্তারা অবিলম্বে মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার, প্রকৃত দোষীদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান। দাবি আদায় না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা।