স্টাফ রিপোর্টার : দলীয় প্রভাব খাটিয়ে অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছেন নবীনগরের নবনির্বাচিত সংসদ সদস্য এডভোকেট এম এ মান্নান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি জানান, চাঁদাবাজদের শনাক্ত করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে তথ্য দিলে পুরস্কৃত করা হবে। একই সঙ্গে আজ থেকেই এ বিষয়ে বিশেষ অভিযান শুরু হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
এমপি মান্নান বলেন, এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা তাঁর প্রধান দায়িত্ব। কেউ দলীয় পরিচয় ব্যবহার করে চাঁদাবাজি, দখল বা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়ালে তাদের কোনো ছাড় দেওয়া হবে না বলে তিনি সতর্ক করেন।
তিনি আরও জানান, নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধ, চাঁদাবাজি নির্মূল এবং রাজনৈতিক প্রভাব বিস্তার করে অপরাধ কর্মকাণ্ড পরিচালনার প্রবণতা রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। এসব অনিয়ম অব্যাহত থাকলে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি স্পষ্ট করেন।
উল্লেখ্য, এডভোকেট এম এ মান্নান জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, নবীনগর উপজেলা বিএনপির একাধিকবারের সভাপতি ও আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক এবং জেলা আইনজীবী ফোরামের বর্তমান সভাপতি।
তৃণমূল রাজনীতি থেকে উঠে আসা এ নেতাকে স্থানীয়দের অনেকেই সৎ ও কর্মঠ হিসেবে মূল্যায়ন করেন এবং ভবিষ্যতে গুরুত্বপূর্ণ দায়িত্বে দেখতে আগ্রহ প্রকাশ করেছেন।
