ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পুলিশের বিশেষ অভিযানে এক সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) রাতে উপজেলার পৃথক দুটি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের মনিপুর গ্রামে নবীনগর থানার এসআই/এএসআই প্রদীপ দাসের নেতৃত্বে পরিচালিত অভিযানে এক বছর এক মাসের সাজাপ্রাপ্ত পলাতক মাদক মামলার আসামি জলিল মিয়া (৫২) গ্রেপ্তার হন। তিনি মনিপুর গ্রামের মোতালেব মিয়ার ছেলে।
এদিকে একই রাতে নবীনগর পৌর এলাকার ভোলাচং এলাকায় এএসআই প্রদীপ দাস ও এএসআই দিলীপ দাসের নেতৃত্বে আরেকটি অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতির মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি শাকিলকে (২৫) গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার দোলাবাড়ি গ্রামের নুর মিয়ার ছেলে।
পুলিশ জানায়, গ্রেপ্তার দুই আসামিই দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর আদালতে পাঠানো হয়েছে।
নবীনগর থানা পুলিশ জানিয়েছে, অপরাধ দমন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
